
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির পরিকল্পনার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। জনগণের মতামত ছাড়া এই সিদ্ধান্তকে অন্যায় ও জনস্বার্থবিরোধী বলে তারা উল্লেখ করেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল পৌনে ৩টায় কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে কামারদহ ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমাজসেবক রাশেদ রায়হান, নারী নেত্রী হ্যাপী বেগম, মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মুরাদ, মেজবাহুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, ফাঁসিতলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদর মাত্র ৫ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে, যেখানে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এতে স্থানীয়দের ভোগান্তি বৃদ্ধি পাবে। তারা অভিযোগ করেন, জনগণের গণশুনানি ছাড়া এ প্রস্তাব তৈরি করা হয়েছে, যা অযৌক্তিক।
গোবিন্দগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রাশেদ রায়হান বলেন, “সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে প্রশাসনিক বিভাজনে কামারদহ ইউনিয়নবাসীর মতামতকে অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনের শেষে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা 



















