
জিয়া উদ্দিন | ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড় ও চাপের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাসরি মাঠে নেমে তদারকি করছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে করে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা এবং বিশৃঙ্খলার আশঙ্কা বাড়ছিল। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, “সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে জ্বালানি সংগ্রহ নিশ্চিত করতে আমরা কাজ করছি। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। সবাইকে নিয়ম মেনে সারিবদ্ধভাবে জ্বালানি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে, ফিলিং স্টেশন মালিকদেরও সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে।

জিয়া উদ্দিন, উপদেষ্টা 










