
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের আবহাওয়ায় অস্থিরতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিনসহ এর আশেপাশের সময়ে দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, যা উৎসবের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এসব এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, ১৮ মার্চ সিলেট বিভাগের কিছু এলাকা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু স্থানে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
১৯ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
২০ ও ২১ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, ঈদুল ফিতরের কেনাকাটা ও ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 



















