
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। গ্রুপ ‘সি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে ওমানকে ৯৬ রানে হারিয়ে সুপার এইটের আশা জিইয়ে রেখেছে আইরিশরা। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করে আয়ারল্যান্ড গড়ে তোলে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ—৫ উইকেটে ২৩৫ রান।
ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক পল স্টার্লিং না খেলায় নেতৃত্ব দেন লরকান টাকার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল স্কোর পায় দল। ৫১ বলে অপরাজিত ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন টাকার। ইনিংসজুড়ে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। শেষ তিন ওভারে আইরিশরা হাঁকায় ৮টি ছক্কা। শেষ পাঁচ ওভারে আসে অবিশ্বাস্য ৯৪ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
টাকারকে দারুণ সমর্থন দেন গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেল। ডেলানি ৩০ বলে ৫৬ রান করে ইনিংস গড়েন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। আর শেষ দিকে মাত্র ৯ বলে ৫টি ছক্কায় ৩৫ রানের ঝড় তোলেন ডকরেল। তাদের যৌথ আক্রমণেই ২৩৫ রানের বিশাল সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওমান। ৪৪ বছর বয়সী আমির কালিম ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। হাম্মাদ মির্জাও ৪৬ রান করে লড়াই জারি রাখেন। ১০ ওভার শেষে ২ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচে ছিল ওমান।
তবে আমির কালিমের বিদায়ের পরই ধস নামে ইনিংসে। ৯৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর দ্রুত ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ১১৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত ১৮তম ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান।
আয়ারল্যান্ডের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন জশ লিটল। তিনি ১৬ রানে ৩ উইকেট নেন। ম্যাথু হামফ্রিজ ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট তুলে নেন।
এই জয়ে গ্রুপ ‘সি’-তে গাণিতিকভাবে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো আয়ারল্যান্ড। শেষ ম্যাচের ফলাফল এখন তাদের ভাগ্য নির্ধারণ করবে।
খেলাধুলা ডেস্ক 










