
মেহেদী হাসান, রাঙামাটি | নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, সহপাঠী শিক্ষিকাদের সাথে অপকর্ম, হিজাব পরিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, শিক্ষার্থীদের প্রতি ধারাবাহিক দুর্ব্যবহার ও নৈতিক স্খলনের একাধিক অভিযোগে অভিযুক্ত শিক্ষক বিপ্লব কুমার শীলকে
কলেজে শিক্ষক হিসেবে রাখতে না চাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বিচার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা এবং অভিযুক্ত শিক্ষককে রক্ষার অপচেষ্টার প্রতিবাদে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “বদলি নয়—দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে অভিযুক্ত শিক্ষক বিপ্লব কুমার শীলের বহিস্কার চাই। রাঙামাটি সরকারি কলেজ কোনো অপরাধীর আশ্রয়স্থল হতে পারে না। এখানে কোনো নৈতিকতাহীন, নারী অবমাননাকারী ও কুলাঙ্গারের স্থান নেই।”
বক্তারা আরও বলেন, “নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব। অথচ একজন শিক্ষক যদি শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং ধর্মীয় পোশাক হিজাব নিয়ে কটুক্তি করেন, তবে তা শুধু নৈতিক অপরাধ নয়—একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এমন ব্যক্তিকে বদলি করে দায় এড়ানোর চেষ্টা চলতে পারে না।”
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন ইমু, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জ্ঞান চাকমা, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চাকমাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এর কাছেও স্মারকলিপি প্রদান করে দ্রুত ন্যায়বিচার ও অভিযুক্ত শিক্ষকের বহিস্কারের দাবি জানান।
আয়োজকরা জানান, “শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলবে।”
মেহেদী হাসান 










