
মেহেদী হাসান, রাঙামাটি |সাংবাদিক ও সংগঠনক মোস্তফা কামালের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের উদ্যোগে রাঙামাটি শিশু নিকেতনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য মো. মোস্তফা কামাল উদ্দীনের সভাপতিত্বে ও স্মরণ সভা পরিষদের সদস্য শংকর হোড়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামশুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাঙামাটি শিশু নিকেতনের উপাধ্যক্ষ রিনা আক্তার।

সভায় স্মৃতিচারণ করে বক্তারা আরো বলেন, সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর দক্ষ পদচারণা। তিনি তাঁর মেধা ও শ্রমের মাধ্যমে নিজেকে এবং রাঙামাটিকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়। মোস্তফা কামাল নিজেকে সাংবাদিক ছাড়াও একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর অনেক ছাত্র-ছাত্রী আজ সফলতার সর্বোচ্চ শিখরে আরোহন করেছেন। তাঁদের সফলতার গল্পে মোস্তফা কামাল একটি গুরুত্বপূর্ণ চরিত্র দখল করে আছেন।
সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজার পরিচালনা করেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আলকাদেরি। মোনাজাত শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
মেহেদী হাসান 










