
মোঃ আশরাফুল ইসলাম, ফেনী |ফেনীর কাচছুটি এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইসমাইল (৩৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইলের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি খোলা তার ঝুলে ছিল। কাজের এক পর্যায়ে অসাবধানবশত ইসমাইলের শরীর ওই খোলা তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
ঘটনার পর বাড়ির মালিক মোহাম্মদ ওয়ালী আহমদ তাকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোঃ আশরাফুল ইসলাম 










