
মোঃ আশরাফুল ইসলাম, কুমিল্লা | কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের মোঃ হানিফের ছেলে আরিফ হোসেন নিরব ও নোয়াখালীর সেনবাগের সোনাকান্দি গ্রামের ইয়াসমিন আক্তারের ছেলে মোঃ মাসুম। শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘরিয়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য চার কেজি গাঁজাসহ কিশোর মাসুম ও আরিফ হোসেন নিরব শনিবার ভোররাতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। সাতঘরিয়া গ্রামের মাদকবিরোধী যুব সমাজের কয়েকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে আটক করে। পরে খবর দিয়ে পুলিশের নিকট গাঁজাসহ দুই কিশোরকে সোপর্দ করে যুবকরা। এ ঘটনায় থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতঘরিয়ার মাদক বিরোধী যুবকরা বলেন, ভারত সীমান্তবর্তী হওয়ায় গত ১৭ বছর আ’লীগের ক্ষমতা দেখিয়ে কতিপয় চক্র মাদক ব্যবসা করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আ’লীগের ক্ষমতা শেষ হয়েছে। এখন মাদক ব্যবসা করে কেউ আমাদের সমাজকে নষ্ট করতে দিবো না। এ ব্যাপারে যুব সমাজ সোচ্চার রয়েছে’।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম ফেনীর ভয়েসকে বলেন, ‘গাঁজাসহ আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।
মোঃ আশরাফুল ইসলাম 










