
মোঃ আশরাফুল ইসলাম, ফেনী সদর | ফেনী জেলা পুলিশ লাইন্স ড্রিল-শেডে নবযোগদানকৃত ২৪ জন পুলিশ কনস্টেবলের ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ, ফেনী’র আয়োজনে বৃহস্পতিবার সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের পেশাজীবনের নতুন অধ্যায় শুরুর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হয়ে আসা তোমাদের যোগ্যতারই প্রমাণ। বেসিক ট্রেনিং শেষ করে তোমরা আজ বাস্তব প্রশিক্ষণের নতুন ধাপে প্রবেশ করলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব, কর্তব্য ও নৈতিকতার মৌলিক দিকগুলো তোমরা গভীরভাবে শিখবে।” নবীন সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে সর্বদা সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দেশের মানুষের সেবা করে যেতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুঃ সাইফুল ইসলাম, এছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে নবীন পুলিশ সদস্যদের মাঝে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।
মোঃ আশরাফুল ইসলাম 










