ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ধর্মপুরে মাদক নির্মূল ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার অপারেশন কর্মকর্তা সাজেদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার মংসা মারমা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল। আয়োজক কমিটির সদস্য মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি নুরুল হুদা কাউসার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও ফরিদুল ইসলাম রাহাত, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আইয়ুব পাটোয়ারী এবং দেবীপুর মাদ্রাসার শিক্ষক মুফতি বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজেদ কামাল বলেন, সাধারণ মানুষ পাশে না থাকলে প্রশাসনের পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে সবাইকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
সভায় মাদক নির্মূল ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
You cannot copy content of this page