ছাগলনাইয়ায় প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় ১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান ইমন নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও রহস্যের সৃষ্টি হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে মসজিদ ও হিফজখানায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ ইমন ছাগলনাইয়া উপজেলার নিজশানুয়া এলাকার তোয়ান কাজী বাড়ি/খালপাড়ের বাসিন্দা। তার মায়ের নাম রোকসানা আক্তার। পরিবারের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে আলহাজ্ব মৌলভী ফয়েজ আহমেদ জামে মসজিদ ও ফেরদৌস আরা হেলালী হিফজখানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর সে আর বাড়ি কিংবা হিফজখানায় ফিরে আসেনি।
নিখোঁজের ঘটনায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১২৪ এবং জিডি ট্র্যাকিং নম্বর F1J312।
পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজের পরদিন ২১ সেপ্টেম্বর মসজিদের গাড়িচালক হিফজখানার বাবুর্চিকে ফোন করে জানান, ঢাকার ধানমন্ডি-কলাবাগান এলাকায় একটি মাদ্রাসার শিক্ষকের বাসার গেটের সামনে তিনি ইমনকে দেখেছেন। তবে কীভাবে ইমন সেখানে পৌঁছাল এবং বর্তমানে তার অবস্থান কোথায়—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এরই মধ্যে পরিবারের কাছে ফোন করে ইমন ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে—এমন তথ্য দিয়ে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ইমনের মা রোকসানা আক্তার। তার দাবি, ওই ফোনের মাধ্যমে প্রতারকরা নগদ ৮ হাজার টাকা নিয়ে গেছে। তবে ফোনকারী ব্যক্তির পরিচয়, ইমনের প্রকৃত অবস্থান এবং হাসপাতালে ভর্তি থাকার তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইমনের মা রোকসানা আক্তার বলেন, “আমার ১৭ বছরের ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে আমি দিশেহারা হয়ে গেছি। দিন-রাত শুধু ছেলের কথাই মনে পড়ে—সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। একজন মা হিসেবে এই কষ্ট সহ্য করা খুব কঠিন। আমি সবার কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা করুন। কেউ যদি তার কোনো সন্ধান পেয়ে থাকেন, দয়া করে আমাদের জানান। আমি শুধু আমার সন্তানকে সুস্থভাবে ফিরে পেতে চাই।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় ইমনের পরনে ছিল পাঞ্জাবি ও টুপি। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট। সে ফেরদৌস আরা হেলালী হিফজখানা, বাংলাবাজার-এর শিক্ষার্থী।
পরিবারের পক্ষ থেকে ইমনের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে ঢাকায় তাকে দেখার দাবি এবং পরবর্তীতে দুর্ঘটনার কথা বলে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ ইমনের পরিচয়
নাম: হাবিবুর রহমান ইমন
বয়স: ১৭ বছর
গায়ের রং: শ্যামলা
উচ্চতা: আনুমানিক ৫ ফুট
পরনে: পাঞ্জাবি ও টুপি
শিক্ষাপ্রতিষ্ঠান: ফেরদৌস আরা হেলালী হিফজখানা, বাংলাবাজার।
জিডি নম্বর: ১১২৪, জিডি ট্র্যাকিং নম্বর: F1J312, জিডির তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং।
সন্ধান পেলে যোগাযোগ
০১৬১০৯৭৭১১৩
০১৮৩৫৩২৮১৭৯
০১৮৬৭৮৩৩৩১৭

You cannot copy content of this page