রাকিব হোসেন, ফেনী | মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ফেনীর উত্তর চাড়িপুরে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ফেনী শহরের হাজী আলীম উদ্দিন সড়কের বায়তুল ইজ্জত জামে মসজিদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলার সহকারী পরিচালক আব্দুল হামিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাইদুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং ওসি (অপারেশন) সাজেদ কামাল।
সমাবেশে সভাপতিত্ব করেন চাড়িপুর উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলাঘর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সুমন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি, তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদক ও জুয়ার বিস্তার রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন -এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

You cannot copy content of this page