নিজস্ব প্রতিনিধি | ফেনী জেলার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করেছে। গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে একদিকে বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার অনেক এলাকায় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে চুলায় আগুন জ্বালানোই সম্ভব হয় না। ফলে রান্নাসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও গৃহিণীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করায় অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস সংগ্রহ করতে পারছেন না চালকেরা। এতে যাত্রী পরিবহনে বিঘ্ন ঘটছে এবং সময় ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবহনসংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনীর ব্যবস্থাপক এস. এম. জাহাঙ্গীর-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার (২ আগস্ট) দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তাঁর কাছে নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে তারা চরম দুর্ভোগে রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সংকট নিরসনে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

You cannot copy content of this page