গোপালগঞ্জে প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ২৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন শিক্ষা অবকাঠামো উন্নত হবে, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, গোপালগঞ্জ জেলার কোনো উন্নয়ন প্রকল্পের ফাইল যেন আটকে না থাকে। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে হবে।”
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নই একটি এলাকার সার্বিক অগ্রগতির ভিত্তি। তাই শিক্ষা ও যোগাযোগ খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন সড়ক ও আধুনিক বিদ্যালয় ভবন নির্মাণের ফলে এলাকার শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
You cannot copy content of this page