ময়মনসিংহের নান্দাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ। কম খরচে অধিক ফলন এবং বাজারে স্থিতিশীল দামের কারণে এটি এখন কৃষকদের কাছে একটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দেশে ভূট্টার আবাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উন্নত জাতের বীজ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতি বিঘায় উৎপাদনও বেড়েছে, যা কৃষকদের ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি ভূট্টা চাষে আগ্রহী করে তুলছে।
নান্দাইল উপজেলার কৃষক হারুন অর রশিদ, বোরহান উদ্দিন, আবুল কাশেম ও সাইদুল ইসলাম জানান, ভূট্টা চাষে সেচ, সার ও কীটনাশকের খরচ তুলনামূলক কম। ফলে তারা সহজেই বেশি লাভ করতে পারছেন। এছাড়া পশুখাদ্য, পোল্ট্রি ফিড এবং বিভিন্ন শিল্প কারখানায় ভূট্টার চাহিদা বাড়ায় বাজারও বেশ স্থিতিশীল রয়েছে।
তবে এই সম্ভাবনাময় খাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সময়মতো উন্নত বীজ ও সার না পাওয়া, আবহাওয়ার অনিশ্চয়তা এবং সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি কৃষকদের জন্য সমস্যার সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবেলায় কৃষি বিভাগ বিভিন্ন প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা অব্যাহত থাকলে ভূট্টা চাষ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
You cannot copy content of this page