ফেনী শহরে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী একটি সংস্থার উদ্যোগে মানবাধিকার সুরক্ষা, ভূমি বিরোধ ও মাদক সমস্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শহরের দ্য হেরিটেজ লাউঞ্জ হোটেলে আয়োজিত এই সভায় সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম।
তিনি বলেন, মানবাধিকার রক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং এটি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল স্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে ভূমি বিরোধ ও মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করা জরুরি।
ভূমি ও মাদক তদন্ত বিষয়ক সচিব মোহাম্মদ ইব্রাহিম মুন্না বলেন, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তিনি মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ বলেন, গণমাধ্যম মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন সম্ভব।
এছাড়া উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনী স্থানীয় পর্যায়ে জনগণের সমস্যা দ্রুত শনাক্ত করে কার্যকর সমাধান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নারী ও শিশু নির্যাতন দমন ব্যুরোর পরিচালক রোকসানা আক্তার সুমিও সভায় বক্তব্য রাখেন।
সভায় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
You cannot copy content of this page