গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য অফিসে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।
সভায় জানানো হয়, ১০ মে পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনের আওতায় উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ব্যতীত) শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ সময় মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হতে হবে।”
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম।
এছাড়াও প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক মোঃ আবিদ হাসান মুছা ও তানভীর ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা প্রদর্শন করা হয়।
You cannot copy content of this page