আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জোর প্রচারণা শুরু করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
শনিবার সন্ধ্যার পর দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “আমি আশাবাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আমাকে ২০১৪ সালের মতো এবারও চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হবে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে রূপগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করবো।”
তিনি আরও বলেন, “এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। সাধারণ মানুষ ও শ্রমজীবীরা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে। এছাড়া প্রতিটি ক্লিনিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—ইনশাআল্লাহ।”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. বেলায়েত আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সফিক ভূইয়া, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম রসুল সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
You cannot copy content of this page