হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ট্যাঙ্কারটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনাটি ওমানের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ঘটে। হামলার পর ট্যাঙ্কার ও এর নাবিকরা নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানায়, অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ করেছে। একই সঙ্গে কিছু জাহাজ ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে, যেখানে বলা হয়েছে প্রণালি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
রয়টার্সের সূত্র অনুযায়ী, ইরানি নৌবাহিনী জাহাজগুলোকে জানায় যে, হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি নেই।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালিতে এমন উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
You cannot copy content of this page