সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ ব্যাডমিন্টন তারকা আবদুল জাহির তানভীর দেশের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব বয়ে এনেছেন। ক্রিকেট দিয়ে শুরু করা তার ক্রীড়া যাত্রা শেষ পর্যন্ত তাকে দেশের অন্যতম সফল শাটলারে পরিণত করেছে।
সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তানভীর সম্মাননা গ্রহণ করেন। এই সম্মাননা তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন।
তানভীর জানান, তার ছোটবেলার সবচেয়ে প্রিয় খেলা ছিল ক্রিকেট। এলাকায় তিনি ক্রিকেট খেলোয়াড় হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তবে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার অভ্যাস ধীরে ধীরে তাকে নতুন এক পথে নিয়ে যায়।
পরবর্তীতে ক্রিকেটে পেশাদার হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় এবং পরিবার ও প্রবাসী বড় ভাইয়ের অনুপ্রেরণায় তিনি ব্যাডমিন্টনকেই পেশা হিসেবে বেছে নেন।
তিনি দীর্ঘ পাঁচ বছর সিলেটের রিকাবীবাজারে প্রশিক্ষক মঞ্জুর আল মামুনের অধীনে প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে নিয়মিতভাবে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন শুরু করেন।
কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়ন, ২০২৪ সালে রানার্স-আপ এবং ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ২৫ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি।
তানভীর এর আগে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দুবাই ও ভারতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ভবিষ্যতে কানাডায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, পরিবারে সমর্থন, নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রশিক্ষণ থাকলে ব্যাডমিন্টনে সফল ক্যারিয়ার গড়া সম্ভব।
You cannot copy content of this page