রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর ওপর চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রস্তাবিত এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮৭১.৮৬ লক্ষ টাকা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, সেতুটির চূড়ান্ত নকশা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।
গত ৯ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় এই ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পটি অনুমোদিত হলে এটি হবে বাংলাদেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু।
প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর ওপর ৫৩২ মিটার দীর্ঘ মূল সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৪৫৫ মিটার ভায়াডাক্ট এবং ৫১১ মিটার এলিভেটেড সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৬,৮৫০.১৬ লক্ষ টাকা এবং সংযোগ সড়কসহ অন্যান্য কাজে ব্যয় হবে ২৪,২০০.২০ লক্ষ টাকা।
প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের পর বাস্তবায়ন কাজ শুরু হবে। নির্মাণকাল ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০৩১ পর্যন্ত।
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, এই সেতু নির্মাণের মাধ্যমে রাঙামাটি-ঘাগড়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়ক (আর-১৬১)-এর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের স্বপ্ন এই সেতু বাস্তবায়িত হলে এলাকার ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
You cannot copy content of this page