দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও কার্যকর করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এক অনলাইন সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জ্বালানি খাতের স্বচ্ছতা, নজরদারি এবং সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। অন্যদিকে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিদিন তাদের কার্যক্রম তদারকি করবেন এবং নিয়মিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
You cannot copy content of this page