ফেনীর দাগনভূঁঞা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১০০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় দাগনভূঁঞা আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ও সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাই প্রবাসী ইঞ্জিনিয়ার গোলাম আযম সুমনের অর্থায়নে এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঁঞা পৌরসভা আমীর মাওলানা কামরুল আহসান এবং সঞ্চালনা করেন পৌরসভা সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন এ.এস.এম নুর নবী দুলাল, কামাল উদ্দিন পাটোয়ারী, নজির আহম্মদ, কামাল হোসেন, নুর নবী রুবেল ও আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি ভাগাভাগিরও উৎসব। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার গোলাম আযম সুমন অতীতেও এ অঞ্চলে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
You cannot copy content of this page