গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। কোটালীপাড়া থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, সরকারের এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।
পরে প্রতিমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি প্রাঙ্গণে মতুয়া সম্প্রদায়ের বার্ষিক সম্মেলন ও মেলা পরিদর্শন করেন। সেখানে তিনি মতুয়া ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম ঘুরে দেখেন।
মেলা উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এবং জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
You cannot copy content of this page