বাঘাইছড়ি উপজেলার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাচালং বাজার থেকে লাইল্যাঘোনা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডির ‘GOV Maintenance’ প্রকল্পের আওতায় চলমান কাজে নিম্নমানের ইট-বালু ব্যবহার এবং কার্পেটিংয়ে সিডিউল অনুযায়ী পুরুত্ব দেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, গার্ডওয়ালের ইট ও বালু এতটাই দুর্বল যে হাত দিয়ে টান দিলেই তা উঠে যাচ্ছে। বিশেষ করে কার্পেটিংয়ে যেখানে ১৫ মিলিমিটার দেওয়ার কথা, সেখানে বাস্তবে মাত্র ৭–৮ মিলিমিটার দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে পিচের অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
এছাড়া, সাংবাদিকরা অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নূর উদ্দিন রাজু তাদের ওপর হুমকি দিয়েছেন। তিনি সাংবাদিকদের পেশাগত পরিচয় নিয়ে কটাক্ষ করেন এবং ভয় দেখানোর চেষ্টা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আয়ান এন্টারপ্রাইজ’-এর হয়ে কাজ করছেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ এবং উপজেলা বিএনপির সদস্য আতাউর। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, অনিয়ম ধরা পড়লে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে এবং জামানত বাজেয়াপ্ত করা হবে। তবে সহকারী প্রকৌশলী মো: সাজু আহমেদ সাংবাদিকদের দায় চাপিয়ে অনিয়ম অস্বীকার করেছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কাজের মান নিশ্চিত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
You cannot copy content of this page