আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে FH Association-এর উদ্যোগে ইস্ট ধামরাই সিআরসি প্রোগ্রামের আওতায় এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ধামরাই উপজেলার কুল্লা এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার এবং কুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোহরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট ধামরাই সিআরসির ডিএফ জীবন্ত হাগিদক ও ঝরনা সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ২৭০ জন নারী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি কুল্লা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর অধিকার, লিঙ্গসমতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও টেকসই সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল উন্মুক্ত মতবিনিময় পর্ব। এতে উপস্থিত নারীরা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা কর্মসংস্থান, সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
আয়োজকরা জানান, নারীর অধিকার রক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক বৈষম্য দূরীকরণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন নারীদের মাঝে নতুন উদ্দীপনা, সচেতনতা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।
You cannot copy content of this page