গোপালগঞ্জের গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চা দোকানদার ইসমাইল হোসেন দাবি করেছেন, তার নিজস্ব ক্রয়কৃত জমির প্রায় তিন ফুট জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন প্রতিবেশী শামসুন্নাহার পলি।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থে কেনা অল্প পরিমাণ জমিই তার পরিবারের একমাত্র সম্বল। সম্প্রতি প্রতিবেশী প্রভাব খাটিয়ে তার জমির ভেতরে প্রবেশ করে ভবন নির্মাণ শুরু করেন। প্রতিবাদ জানালে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, “আমি একজন সাধারণ চা দোকানদার। আমার সামান্য জমির ভেতরে জোর করে বিল্ডিং তোলা হয়েছে। বাধা দিলে আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।”
এ বিষয়ে তিনি একাধিকবার গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান। ফলে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবৈধ দখল উচ্ছেদ করে তার জমি ফিরিয়ে দেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।
You cannot copy content of this page