পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকার কথা থাকলেও রাজশাহী মহানগরীতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ইফতারের প্রধান উপকরণ তরমুজ, লেবু, শসা ও খেজুরের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোজাদাররা।
রাজশাহী সদরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই তরমুজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ টাকা দরে। অনেক ক্ষেত্রে অপরিপক্ক তরমুজও উচ্চমূল্যে বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের।
ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি ৮০ টাকায়, অর্থাৎ প্রতিটি লেবুর দাম পড়ছে ২০ টাকা। অন্যদিকে শসার দাম কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা প্রয়োজনীয় পরিমাণে ইফতারের সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন।
ফলের বাজারেও নেই স্বস্তি। মানভেদে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অনেক ক্রেতার অভিযোগ, রমজানকে কেন্দ্র করে একটি অসাধু সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. ইব্রাহিম হোসেন জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তবে বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করছেন, বর্তমানে যে তরমুজ বাজারে রয়েছে তার পূর্ণ মৌসুম এখনো শুরু হয়নি। সরবরাহ কম থাকায় চাহিদার তুলনায় দাম কিছুটা বেশি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, মৌসুমের আগের ফলের প্রতি অতিরিক্ত আগ্রহ কমানো না গেলে কৃত্রিম সংকট ও উচ্চমূল্যের প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
ভুক্তভোগী রোজাদাররা দ্রুত বাজার তদারকি জোরদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকে।
You cannot copy content of this page