ফেনী প্রতিনিধি | ফেনীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার লক্ষে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে তিনি এই নির্দেশনা দেন।
চটি পুলিশ সুপার বলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বরত পুলিশ সদস্যকে সাহসিকতা, নিরপেক্ষতা ও চরম নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। যারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী জেলাজুড়ে এরই মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার জানান, জেলাজুড়ে পুলিশের নিরবচ্ছিন্ন প্যাট্রলিং ও বিশেষ পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে, যা নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই নির্দেশনামূলক সভায় অংশ নেন। জনগণের ভোটাধিকার সুরক্ষায় পুলিশ বাহিনী বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।
You cannot copy content of this page