আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। তাদের মতে, যদি আমদানি, মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে, তাহলে রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই।
এ উদ্দেশ্যে সোমবার রাজধানীর মতিঝিলস্থ এফবিসিসিআই কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক আবদুর রহিম খান।
সভায় খুচরা ও পাইকারি বাজার সমিতির নেতারা জানান, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, ডালসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ বর্তমানে দেশে রয়েছে। সরবরাহ ব্যবস্থায় কোনো কৃত্রিম সংকট তৈরি না হলে রমজানে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই।
তবে বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ চেইনের বিভিন্ন ধাপে চাঁদাবাজি ও অনিয়ম রোধে সরকারের কঠোর নজরদারির আহ্বান জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে বাজারে চাপ সৃষ্টি না করার অনুরোধ জানান তারা।
বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম বলেন, মিল মালিকরা সময়মতো চিনি সরবরাহ নিশ্চিত করলে বাজারে সংকট হবে না। সরকারি ও বেসরকারি উদ্যোগে চিনি আমদানি বাড়ানো গেলে প্রতিযোগিতামূলক দামে বিক্রি সম্ভব হবে।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, শুধু খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বড় আমদানিকারক ও শিল্পগোষ্ঠীর পর্যায়ে সরকারের নজরদারি বাড়াতে হবে।
এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, এবারের রমজান জাতীয় নির্বাচনের পরপরই শুরু হওয়ায় বাজার ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ব্যবসায়ী ও বণিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
You cannot copy content of this page