পরশুরাম প্রতিনিধি | পরশুরামের মুহুরী নদী থেকে নাজমা আক্তার (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাউরখুমা এলাকার বাঘার ঘাট সংলগ্ন মুহুরী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত নাজমা আক্তার উত্তর বাউরখুমা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক দুইটার দিকে নাজমা আক্তার মায়ের সঙ্গে ঘুমানোর কথা বলে ঘরের অন্য একটি কক্ষে যান। রাতে তার স্বামী উঠে দেখে নাজমা শাশুড়ির সঙ্গে ঘুমাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে বাঘার ঘাটে মুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখা যায়।
নিহতের স্বামী জয়নাল আবেদীন জানান, তার শাশুড়ি বেড়াতে এসে তাদের বাড়িতে অবস্থান করছিলেন। নাজমা ওই রাতেই শাশুড়ির কক্ষে ঘুমিয়েছিলেন। সকালে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে নদীতে লাশ পাওয়া যায়।
জয়নাল আবেদীন পেশায় রাজমিস্ত্রি। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, নদীতে লাশ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
You cannot copy content of this page