ফেনী প্রতিনিধি |ফেনীতে তিন সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ গৃহবধূর নাম তানজিনা আক্তার (২৬)। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্বামী বেলায়েত হোসেন।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে তানজিনা আক্তার তার তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন। এরপর বেলা ১১টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

নিখোঁজদের মধ্যে রয়েছেন— তানজিনা আক্তার (২৬), তার ছেলে মোঃ তাহসান হোসেন (১০), মেয়ে সাবিহা বিনতে বেলায়েত (৬) ও ফাবিহা বিনতে বেলায়েত (২)। আত্মীয়-স্বজনের বাড়ি ও সংশ্লিষ্ট স্কুলে খোঁজ নেওয়া হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর স্বামী বেলায়েত হোসেন জানান, স্কুলে যাওয়ার পর থেকে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো কোনো হদিস মেলেনি।
বেলায়েত হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার গোবিন্দপুর (নবাবপুর) গ্রামের বাসিন্দা। তিনি ইসমাইল কেরানী চেয়ারম্যান বাড়ীর আমিনুল হকের ছেলে। প্রায় ১২ বছর আগে সদর উপজেলার ফরহাদ নগর এলাকার নুরুল আফছারের মেয়ে তানজিনা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।
জিডির বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজীম জানান, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
You cannot copy content of this page