মোহাম্মদ হানিফ, ফেনী | চট্টগ্রাম মেডিকেলে ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি; শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাকের আহমেদ ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর আইসিইউতে মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুতে লেমুয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুসংবাদে জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে মরহুমের বাড়ি লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় যান।
এ সময় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস কোরাইশী, লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজি, সদর থানা বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা এ দুঃসময়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদ বাকের আহমেদ ছিলেন একজন সৎ ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন ব্যবসায়ী।
তার অকাল মৃত্যুতে ব্যবসায়ী মহলসহ এলাকাবাসী একজন প্রিয় মানুষকে হারাল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন মহল।
You cannot copy content of this page