মনির হোসেন, বেনাপোল | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর অভিযানে প্রায় দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাঁদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এছাড়া তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ৮ হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটক দুই ব্যক্তি হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে তা ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাঁদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

![]()
You cannot copy content of this page