ঠাকুরগাঁও প্রতিনিধি | ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার সংকট নিয়ে সৃষ্ট হট্টগোলে এক কৃষি উপসহকারী কর্মকর্তা কৃষকদের মারধরের শিকার হয়েছেন। এই ঘটনায় কর্মকর্তা আকতার হোসেনের একটি দাঁত ভেঙে গেছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় এলাকায় সারের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় কৃষকরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। মঙ্গলবার সকালে উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় জমে।ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
এর মধ্যেই উপস্থিত কৃষকরা অন্য পাঁচজনকে তিনটি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।হট্টগোলের একপর্যায়ে আকতার হোসেন দুপুরের খাবারের পর বিতরণ পয়েন্টে ফিরলে বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। তাকে দ্রুত রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানিয়েছেন, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং দাঁত ভেঙেছে। চিকিৎসা শেষে তার বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছে রাণীশংকৈল থানা পুলিশ।
![]()
You cannot copy content of this page