ফেনী ভয়েস প্রতিবেদন | যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রুকনুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
শনিবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামীমাকে গ্রেফতার করা হয়।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
এদিন দুপুরে সাবেক এই এমপিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাবইন্সপেক্টর ফেরদৌস আলম।
শামীমার পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, ‘মামলার এজাহারে ৭০০ জনের অধিক আসামি। এজাহারে শামীমা আক্তারের নাম নেই। আর এ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি অসুস্থ।’
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন।
তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মগবাজার, ফকিরাপুল, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। সেই ঘটনায় শামীমা আক্তার জড়িত। তার জামিনের বিরোধিতা করছি।’
মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে কাইয়ুম হোসেন বলেন, ‘আইনে বলা আছে, ফাইনাল রিপোর্ট দেওয়া হলেও পরবর্তীতে সম্পূরক চার্জশিট দেওয়া যায়।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শামিমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়, একই দিনে আওয়ামী লীগও পালটা সমাবেশ ডাকে। ওই মহাসমাবেশে চালানো হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

You cannot copy content of this page